সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এ সময় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন তিনি। নিম্নমানের ইট-বালি পরিবর্তন না করা পর্যন্ত কাজ বন্ধ রাখার পাশাপাশি নির্ধারিত গুণগত মান বজায় রেখে নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশ দেন এমপি।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার সোমেশ্বরী নদীর ওপর নির্মাণাধীন কাইতকান্দা সেতু, মধ্যনগর থেকে টুকের বাজার পর্যন্ত সাবমার্সিবল সড়ক এবং উড়াল সড়ক প্রকল্পের ৭ নম্বর প্যাকেজের কাজ পরিদর্শনকালে তিনি এসব নির্দেশ দেন। উড়াল সড়ক প্রকল্পের এই প্যাকেজের ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৭৯ লাখ টাকা।
পরিদর্শনকালে উড়াল সড়ক প্রকল্পের কাজে নিম্নমানের ইট-বালি দেখতে পেয়ে অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য। এ সময় সঙ্গে থাকা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিনকে নিম্নমানের নির্মাণসামগ্রী পরিবর্তন করে নির্ধারিত মানের ইট, বালি ও পাথর ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামরুজ্জামান কামরুল বলেন, “আমার নির্বাচনি এলাকার উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও ফাঁকিবাজি চলবে না। আজ কয়েকটি কাজের সাইট পরিদর্শন করেছি। যেখানে নিম্নমানের নির্মাণসামগ্রী পেয়েছি, সেগুলো পরিবর্তন করে ভালো মানের সামগ্রী ব্যবহার করে কাজ করার নির্দেশনা দিয়েছি।”
তিনি আরও বলেন, ‘‘কোথাও উন্নয়নকাজে অনিয়ম দেখা গেলে তা সরাসরি তাকে জানাতে হবে।’’ এক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেন তিনি।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত মধ্যনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য।
উন্নয়নকাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু ও মো. আবুল বাশার, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









