গাজীপুর মহানগরীর পূবাইলে পারিবারিক বিরোধের জেরে হাসনা আক্তার (১৭) নামে এক কিশোরীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রফিকুল ইসলাম (২৮)-এর বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে পূবাইল থানার হায়দরাবাদ শুকুন্দিরবাগ এলাকার হান্নান মার্কেটসংলগ্ন মাওরারটেক রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত হাসনাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেন। বিদেশে থাকাকালে পাঠানো টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এর জেরে রবিবার দুপুরে গাছা থানার খাইলকুর এলাকার ভাড়া বাসা থেকে হাসনাকে মাওরারটেক রেললাইন এলাকায় ডেকে নেন তিনি। পরে সেখানে হাসনাকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।
হাসনার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে রফিকুলকে আটক করেন এবং তাকে পুলিশে খবর দেন। পরে পূবাইল থানা-পুলিশ তাকে হেফাজতে নেয়। ঘটনাস্থল রেললাইনের পাশে হওয়ায় পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নুর আলম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









