প্রভাস ও তৃপ্তি দিমরির নতুন সিনেমা ‘স্পিরিট’ মুক্তি পাবে ২০২৭ সালের ২৯ অক্টোবর। দীপাবলি উপলক্ষে বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এর আগে সিনেমাটি ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল।
রবিবার (১৮ আক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ ঘোষণা করেন পরিচালক। পোস্টারে প্রভাসকে দেখা গেছে। একই সঙ্গে তিনি সিনেমাটির বিশ্বব্যাপী মুক্তির তারিখও নিশ্চিত করেছেন।
‘স্পিরিট’-এর মুক্তির তারিখ ঘোষণার পর সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে সম্ভাব্য বক্স অফিস লড়াই নিয়ে। কারণ, নিতেশ তিওয়ারির পৌরাণিক কাহিনিনির্ভর সিনেমা ‘রামায়ণ ২’ও ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘রামায়ণ ২’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় রয়েছেন যশ। সিনেমাটির প্রযোজনায় আছেন নমিত মালহোত্রা।
‘রামায়ণ ২’-এর মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। ফলে ‘স্পিরিট’ ও ‘রামায়ণ ২’ একই দিনে মুক্তি পাবে, নাকি দীপাবলির ছুটিতে ভিন্ন দিনে প্রেক্ষাগৃহে আসবে, তা এখনো নিশ্চিত নয়। দুই সিনেমার মুক্তির সময় কাছাকাছি হলে উৎসবের মৌসুমে বক্স অফিসে বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে।
‘স্পিরিট’ পরিচালকের আগের সিনেমা ‘অ্যানিম্যাল’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমাটি বিশ্বজুড়ে ৯০০ কোটি রুপির বেশি আয় করে। এটি এখন পর্যন্ত সন্দীপ রেড্ডি ভাঙ্গার সবচেয়ে ব্যবসাসফল সিনেমা।
২০২১ সালে প্রভাসকে নিয়ে ‘স্পিরিট’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পরিচালক। সিনেমাটির শুটিং শুরু হয় ২০২৫ সালের নভেম্বরে। এরপর কয়েক দফায় মুক্তির সম্ভাব্য সময় পরিবর্তন হয়েছে। প্রথমে ২০২৬ সালের ডিসেম্বর এবং পরে ২০২৭ সালের মার্চে মুক্তির কথা আলোচনায় এসেছিল। এবার ২০২৭ সালের ২৯ অক্টোবর মুক্তির তারিখ চূড়ান্ত করা হলো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









