জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং তার স্ত্রী চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনার বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে মোট ২ কোটি ৬২ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চাঁদপুরের উপসহকারী পরিচালক কামরুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট আদালতে মামলা দুটি করেন।
দুদক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ নভেম্বর নয়নের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দল গঠন করা হয়। অনুসন্ধানে তার স্ত্রী লুবনার নামে ১ কোটি ৬২ লাখ ৪৬ হাজার ৮৪০ টাকার সম্পদ এবং পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ মোট ১ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫৮৯ টাকার হিসাব পাওয়া যায়। এসব সম্পদের বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায়নি বলে দুদকের অভিযোগ।
অন্যদিকে, নয়নের নামে ১ কোটি ৫৮ লাখ ১০ হাজার ৩২৫ টাকার সম্পদ এবং পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ মোট ২ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার ৫৭৯ টাকার হিসাব পাওয়া যায়। এর বিপরীতে গ্রহণযোগ্য আয় ছিল ১ কোটি ৯৩ লাখ ৬৭ হাজার ৯৩৭ টাকা। দুদকের হিসাবে, তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ ৭৯ লাখ ৯৯ হাজার ৬৪২ টাকা।
দুদক জানায়, নয়নের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে। তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদক আইনের ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, নয়ন ও তার স্ত্রী বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মডেল টাউনে অবস্থান করছেন বলে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









