বাংলাদেশ নারী টি-টোয়েন্টি ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারকে নেতৃত্ব তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে দলের নতুন সহ-অধিনায়ক করা হয়েছে ডানহাতি ব্যাটার সোবহানা মোস্তারিকে।
রবিবার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এই নতুন নেতৃত্বের ঘোষণা দেয়।
বাংলাদেশের নারী ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় ২৬ বছর বয়সী নাহিদা। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বাঁহাতি স্পিনে দলের অন্যতম ভরসা হয়ে উঠেন তিনি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটও তার।
বাংলাদেশের হয়ে ১১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩২ উইকেট নিয়েছেন নাহিদা। আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর বোলারদের মধ্যে এই সংস্করণে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় নাহিদা আছেন পাঁচ নম্বরে।
নতুন সহ-অধিনায়ক সোবহানাও এরই মধ্যে বাংলাদেশের নারী ক্রিকেটে নিজের জায়গা পাকা করেছেন। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই ব্যাটার এখন পর্যন্ত খেলেছেন ৭২টি টি-টোয়েন্টি ম্যাচ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









