ময়মনসিংহে আনন্দ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। নবমীতে জেলার বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। পূজা, আরতি ও প্রার্থনায় মুখর হয়ে উঠেছে মণ্ডপগুলো।
জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর ময়মনসিংহের ১৩টি উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় সাড়ে ৮ শতাধিক মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসব নির্বিঘ্ন রাখতে জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা।
মণ্ডপের প্রধান পুরোহিত পণ্ডিত শুভাশিস চক্রবর্তী বলেন, শাস্ত্রীয় রীতি মেনে পূজা-অর্চনা চলছে। বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি ও সবার কল্যাণ কামনায় ভক্তরা প্রার্থনা করছেন।
পূজা উদযাপন কমিটির সভাপতি সুশান্ত সাহা বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সুন্দর পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। দর্শনার্থীদের সহযোগিতায় স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করছেন।
পরিবার-পরিজন নিয়ে মণ্ডপে আসা দর্শনার্থীরা উৎসবের সাজসজ্জা ও পরিবেশে সন্তোষ প্রকাশ করেন। বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের উপস্থিতিতে মণ্ডপগুলো মিলনমেলায় পরিণত হয়েছে বলেও জানান তাঁরা।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্গাপূজা ঘিরে জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মণ্ডপে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় টহল দল ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রয়েছে। পাশাপাশি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
ধর্মীয় উৎসবকে ঘিরে বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের অংশগ্রহণে ময়মনসিংহে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিরাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









