সিঁদুর খেলা, পূজা-অর্চনা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব।
বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে উপজেলার ৫৭টি পূজামণ্ডপে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বাড়তি নিরাপত্তাব্যবস্থা।
সকালে দশমীর বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দেবীকে সিঁদুর বরণ, সিঁদুর খেলা ও প্রার্থনা শেষে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি উৎসব আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং সনাতনীদের অন্যতম তীর্থস্থান লাঙ্গলবন্দকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাহউদ্দিন জানান, ৫৭টি পূজামণ্ডপে পুলিশ, আনসার ও মহিলা আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সাদা পোশাকে ও টহলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









