নাটোরের গুরুদাসপুরে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার মধ্যে উপজেলার ৩৪টি পূজামণ্ডপের প্রতিমা পৃথকভাবে বিসর্জন দেওয়া হয়।
বিসর্জন নির্বিঘ্ন করতে পূজামণ্ডপ ও বিসর্জনস্থলে পুলিশ, আনসার, ডিবি, গোয়েন্দা ও র্যাব সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি দল দায়িত্ব পালন করে। রাজনৈতিক দলের নেতাকর্মীরাও নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
প্রতিমা বিসর্জনের সময় নৌকায় উঠে নদীর দুই তীরের দর্শনার্থী ও শত শত নৌকায় থাকা মানুষের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, স্থানীয় মানুষের সহযোগিতায় এবারও সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন ও প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। এ জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, প্রকৌশলী মিলন মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও পূজা উদ্যাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলায় এবার ৩৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে গুরুদাসপুর পৌরসভায় ১৩টি, নাজিরপুরে সাতটি, বিয়াঘাটে দুটি, মশিন্দায় পাঁচটি, ধারাবারিষায় তিনটি, চাপিলায় তিনটি ও খুবজিপুরে একটি মণ্ডপ রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









