পুলিশ সদর দপ্তরের এক অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাসায় নিয়মিত ডিজে পার্টি আয়োজনের অভিযোগে ৮৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। পুলিশ জানিয়েছে, ২০২৫ সাল থেকে ওই বাসায় প্রতি মাসে ২০ থেকে ২২টি পার্টির আয়োজন করা হতো। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এসব আয়োজনে অংশ নিতেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যাংকাররা।
বুধবার (২১ অক্টোবর) ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। সেখানে গিয়ে ডিজে পার্টির আয়োজন দেখতে পান গোয়েন্দা সদস্যরা। ভবনের সামনে প্রায় ২২টি গাড়ি ছিল। ভেতরে উচ্চ শব্দে গান বাজছিল এবং সিসা সেবনের কারণে পরিবেশ ধোঁয়ায় আচ্ছন্ন ছিল।
ইলিয়াস কবিরের ভাষ্য অনুযায়ী, পার্টিতে উপস্থিত ব্যক্তিদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যাংকার ছিলেন। সেখানে ২৬ জন তরুণীকে পাওয়া যায়, যাদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। তাদের মধ্যে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীও ছিলেন।
ডিসি ইলিয়াস কবির জানান, এয়ারবিএনবি ও ট্রাভেলা নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এসব পার্টির আয়োজন করা হতো। অনলাইনে নিবন্ধন করেই অংশগ্রহণকারীরা এতে যোগ দিতেন।
প্রতি মাসে ২০ থেকে ২২টি পার্টি আয়োজন করা হতো। প্রতিটি আয়োজনে অংশ নিতে জনপ্রতি প্রায় ৬০০ টাকা নেওয়া হতো। এ ছাড়া বাড়ি ভাড়া বাবদ অর্থ লেনদেনের তথ্যও পাওয়া গেছে বলে জানান তিনি।
অভিযানে আটক ৮৫ জনের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার বিষয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, পুরুষদের এক মাসের কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ১৫ দিন কারাভোগ করতে হবে।
অন্যদিকে, নারীদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাদের আরও তিন দিন কারাভোগ করতে হবে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









