পাবনার ভাঙ্গুড়ায় কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গুমানি ও বড়াল নদীতে প্রতিমা বিসর্জন দেন ভক্তরা।
বিজয়া দশমীতে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনা শেষে শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকঢোলের বাদ্যের মধ্য দিয়ে অশ্রুসজল নয়নে দেবী দুর্গাকে বিদায় জানান তারা।
ভাঙ্গুড়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী নির্মল কুমার রায় বলেন, বিজয়া দশমীর মূল তাৎপর্য হলো মানুষের মনের আসুরিক প্রবৃত্তি—কাম, ক্রোধ, হিংসা ও লালসা বিসর্জন দেওয়া। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠাই এর মূল উদ্দেশ্য।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে সকাল থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়। মেলা প্রাঙ্গণ এবং বড়াল ও গুমানি নদীর আশপাশে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিজয়া দশমীর আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









