পাবনার আটঘরিয়ায় শারদীয় দুর্গোৎসব শেষে বিজয়া দশমীতে ধর্মীয় মর্যাদায় প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত উপজেলার বিভিন্ন নদী, পুকুর ও জলাশয়ে অশ্রুসজল নয়নে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা।
বিসর্জনের আগে বিভিন্ন পূজামণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী প্রধান ধর্মীয় উৎসব।
এ বছর আটঘরিয়া পৌরসভা ও উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়। উৎসব ও বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া পূজার আগে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মন্দির কমিটির প্রতিনিধিদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এবার পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। প্রশাসনের তৎপরতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









