ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোবারক আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে পীরগঞ্জ শহরের মিত্রবাটি এলাকার ‘জোড়া কবর’ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোবারক আলীর বাড়ি জেলার হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামে। তিনি মৃত কুরবান আলীর ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ স্টেশন ছেড়ে যাওয়ার পর রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মোবারক আলী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ওয়ারিশ ইয়াজদানী বলেন, ট্রেনের ধাক্কায় আহত ওই বৃদ্ধকে হাসপাতালে আনার পর জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
পীরগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার আজিজুল হক জানান, দুর্ঘটনার খবর রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
দিনাজপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রাহেন বলেন, ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যুর খবর পেয়েছেন। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









