মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ফরিদপুরের সদরপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
বুধবার (২১ অক্টোবর) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত চলমান অভিযানে দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এ সময় উদ্ধার করা ১০ কেজি মা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এছাড়া সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে আলাউদ্দিন (৩০) ও রমজান (২৫) নামে দুই জেলেকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এতে সহযোগিতা করে সদরপুর থানা পুলিশ।
অভিযান সূত্রে জানা গেছে, বুধবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত পদ্মা নদী থেকে এক লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সময় উদ্ধার করা ১০ কেজি মা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে দুই জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মুন্সিগঞ্জের সিঙ্গাইর হাট গ্রামের রজব আলী মৃধার ছেলে আলাউদ্দিন (৩০) এবং চারিপাড়া গ্রামের রাম মোল্লার ছেলে রমজান (২৫)।
অভিযানে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন ও উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার।
প্রশাসন সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









