দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে বলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। একের পর এক সফল সিনেমায় অভিনয় করলেও সমালোচনা যেন পিছু ছাড়ছে না তার। কখনো অভিনয়, কখনো ভাষা কিংবা উচ্চারণ নিয়ে কটাক্ষের জবাব এবার নিজেই দিলেন এই অভিনেত্রী।
সম্প্রতি ‘কফি উইথ করণ’র নবম মৌসুমের একটি পর্বে স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে হাজির হন রাশমিকা। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, দীর্ঘদিন ধরে চলে আসা সমালোচনাকে কীভাবে দেখেন তিনি।
জবাবে রাশমিকা বলেন, সিনেমায় কাজ শুরু করার পর থেকেই নানা কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে। কখনো অভিনয়, কখনো ভাষা, আবার কখনো উচ্চারণ নিয়ে কথা শুনতে হয়েছে। তবে এসব কারণে নিজের কাজের পরিধি সীমিত করতে চাইনি। বরং একটি ইন্ডাস্ট্রি বা একটি ভাষার মধ্যে আটকে না থেকে বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করাই ছিল আমার লক্ষ্য।
‘পুষ্পা’ খ্যাত এই অভিনেত্রী আরও বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই ভিন্নধর্মী সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘এনিম্যাল’ ও ‘দ্য গার্লফ্রেন্ড’র মতো সম্পূর্ণ ভিন্ন ঘরানার দুটি সিনেমায় কাজ করতে পেরে একজন অভিনেত্রী হিসেবে তৃপ্তি পান। নানা ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াটাই তার কাছে গুরুত্বপূর্ণ।
রাশমিকার হিন্দি উচ্চারণ নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা-সমালোচনা চলছে। ‘থামা’, ‘ককটেল ২’ ও ‘সিকান্দার’র মতো সিনেমায় তার কথায় দক্ষিণ ভারতীয় টান থাকার বিষয়টি নিয়ে অনেকে মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য, তিনি দক্ষিণ ভারতের মানুষ। তাই তার উচ্চারণে সেই অঞ্চলের প্রভাব থাকাটা স্বাভাবিক। এ নিয়ে তার কোনো অস্বস্তি নেই বলেও জানিয়েছেন তিনি।
এদিকে গত ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে রাশমিকা অভিনীত নতুন সিনেমা ‘রানাবালি’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন বিজয় দেবেরাকোন্ডা। তবে মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









