সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ শিশু।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১০৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে মারা গেছে ১০৪ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৭।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম আক্রান্ত হিসেবে ৯৯৫ শিশুকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৩৬ শিশুর। ফলে এ সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম আক্রান্ত শিশুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্ত ১ লাখ ৯৩ হাজার ৬০৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৮৫ হাজার ৯২৭ শিশু।
এদিকে, একই সময়সীমায় সারা দেশে ২ লাখ ১৭ হাজার ৭৬০ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ২৪৮ শিশুর।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, শিশুদের মধ্যে হাম ও হামের উপসর্গের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









