মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সাধক লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসের সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে ‘চাঁপাই বাউল ভক্তকুল’ আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার সাধু, বাউল ও লালনভক্তরা অংশ নেন।
সাধু সাজাহান চিশতির সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ১৩৬তম তিরোধান দিবস-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক ভক্ত কাওসার রিপন। আলোচনা পর্বে লালনের জীবনদর্শন, বাণী ও মানবিক চেতনা নিয়ে বক্তব্য দেন গম্ভীরা শিল্পী মাহবুবুল আলম, কবি আনিফ রুবেদ, আলাউদ্দিন সাধু ও মোহাম্মদ হুমায়ুন সাধুসহ আমন্ত্রিত সাধু-ভক্তরা।
আলোচনা শেষে লালনসংগীত পরিবেশন করেন ভক্ত কাওসার রিপন, আব্দুল কালাম ভান্ডারী, ইসমাইল ভান্ডারী ও মহানন্দা শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।
লালনের গান, বাণী ও দর্শনকে কেন্দ্র করে এ আয়োজন সাধু, বাউল ও ভক্তদের মিলনমেলায় পরিণত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









