পটুয়াখালীর বাউফল পৌর শহরের একটি খাল থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকায় জামে মসজিদের পাশের খালের ঘাটে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য, যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা ছিল। তার সঙ্গে ইট বাঁধা একটি বস্তাও পাওয়া গেছে। বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর। পরনে ছিল লুঙ্গি ও খয়েরি রঙের স্যান্ডো গেঞ্জি। মরদেহ পচে যাওয়ায় এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয় কয়েকজন মুসল্লি জানান, শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ঘাটে অজু করতে এসে তারা মরদেহটি দেখেননি। পরে দুপুরে সেটি দেখতে পান স্থানীয়রা। তাদের ধারণা, খালের স্রোতে ভেসে এসে মরদেহটি ঘাটে আটকে থাকতে পারে।
স্থানীয় কয়েকজনের ধারণা, কয়েক দিন আগে ওই যুবককে হত্যা করে মরদেহ খালে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর কারণ বা হত্যার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









