পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়তে বরিশাল সদর উপজেলা পরিষদ ভবনের পাশের দীর্ঘদিনের পরিত্যক্ত ও দূষিত পুকুর পরিষ্কারের অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে সামাজিক সংগঠন ‘বিডি ক্লিন বরিশাল’-এর স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচির শুরুতে সরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবী ও স্থানীয়দের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানা। পরে জেলা প্রশাসক মামুন খন্দকার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবীদের পাশে দাঁড়িয়ে পুকুরের ময়লা-আবর্জনা পরিষ্কারে অংশ নেন।

জেলা প্রশাসক বলেন, পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সবার নাগরিক দায়িত্ব। ঘরবাড়ির পাশাপাশি প্রকৃতি ও প্রাকৃতিক জলাশয় রক্ষায়ও গুরুত্ব দিতে হবে। সরকারি উদ্যোগের সঙ্গে সাধারণ মানুষ যুক্ত হলেই সুস্থ ও টেকসই বাংলাদেশ গড়া সম্ভব। পরিচ্ছন্নতাকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করার আহ্বানও জানান তিনি।
ইউএনও ফরিদা সুলতানা বলেন, উপজেলা পরিষদের নতুন ভবনের পাশের পুকুরটি দীর্ঘদিন অব্যবহৃত ও দূষিত অবস্থায় ছিল। বিডি ক্লিনের সহযোগিতায় পুকুরটি পুনরায় ব্যবহারোপযোগী ও পরিবেশবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্ন সদর উপজেলা গড়তে তিনি সাধারণ মানুষের নিয়মিত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।
অভিযানে আরও অংশ নেন বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত নাওশীন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিডি ক্লিন বরিশালের বিপুলসংখ্যক তরুণ স্বেচ্ছাসেবী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









