চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেট পড়তে যাওয়ার পথে নাফিয়া সুলতানা তনিমা নামে দশম শ্রেণির এক ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধর করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
রবিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের জাফরনগর অর্পণাচরণ উচ্চবিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তনিমা ওই বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী। সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে বিদ্যালয়ের কাছাকাছি একটি নির্জন স্থানে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তার কানের দুল ও গলার স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। পরে তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দা মো. মহসিন হোসেন বলেন, দিনের আলোয় বাড়ির কাছেই শিক্ষার্থীর ওপর এমন হামলা ও ছিনতাইয়ের ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। তিনি জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাজসেবক আলহাজ মোস্তফা কামাল বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের পথে নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের সংযোগ সড়কগুলোতে পুলিশের টহল জোরদার করা প্রয়োজন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায় বলেন, তনিমা তাদের মেধাবী ও শান্ত স্বভাবের ছাত্রী। তার ওপর হামলার ঘটনায় তারা দুঃখিত। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং বিদ্যালয় ও আশপাশের এলাকায় পুলিশি টহল বাড়ানোর দাবি জানান তিনি।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুদ্দীন জানান, ছাত্রীটির শরীরে একাধিক জখমের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ ঠেকিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং শঙ্কামুক্ত।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









