শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষে যশোরের বেনাপোল স্থলবন্দরে আবারও আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সকাল থেকে বাংলাদেশ ও ভারতের বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি পুরোদমে চালু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) রুহুল আমিন।
বন্দরসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আট দিন দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। তবে এ সময় যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
এদিকে দীর্ঘ ছুটিতে ভারতের পেট্রাপোল টার্মিনালে বাংলাদেশে আমদানির অপেক্ষায় শত শত পণ্যবাহী ট্রাক আটকে পড়ে। রবিবার সকাল থেকে ট্রাকগুলো সারিবদ্ধভাবে বেনাপোল বন্দরে প্রবেশ করতে দেখা যায়। বন্দরে শ্রমিকদের পণ্য ওঠানো-নামানোর কাজেও ব্যস্ততা ফিরে আসে।
পাশাপাশি যাত্রী টার্মিনাল এলাকায় কুলি-শ্রমিকদের কর্মচাঞ্চল্য এবং ডাব ও চা বিক্রেতাদের হাঁকডাকে বন্দর এলাকায় ফিরে আসে চিরচেনা ব্যস্ততা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, পূজা উপলক্ষে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পুলিশ তৎপর ছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









