সিলেটের রেলওয়ে স্টেশন এলাকা ও জৈন্তাপুর থেকে পৃথক ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে গাড়ি পার্কিং এলাকার একটি আইল্যান্ড থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি ওই এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন বলে ধারণা করছে পুলিশ।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
অপরদিকে, দুপুর দেড়টার দিকে জৈন্তাপুর উপজেলার তৈয়ব আলী ডিগ্রি কলেজসংলগ্ন এলাকা থেকে নজরুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কিশোরগঞ্জের ইটনা থানার রাজিবপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, নজরুল ইসলামের মরদেহের পাশে স্যান্ডেল ভর্তি একটি ঝুড়ি পাওয়া গেছে। তিনি ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফেরি করার সময় অসুস্থ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে নজরুল ইসলামের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









