গণঅধিকার পরিষদের বিরুদ্ধে দুর্নীতি ও আদর্শচ্যুতির অভিযোগ তুলে দলটির প্রাথমিক সদস্যপদসহ সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খবির হোসেন।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলন করে তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন।
পদত্যাগপত্রে খবির হোসেন উল্লেখ করেন, একটি সুস্থ, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে তিনি গণঅধিকার পরিষদে যোগ দিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে দুর্নীতি, অনৈতিক কর্মকাণ্ড ও ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেওয়ার অভিযোগ তাকে হতাশ করেছে। এ পরিস্থিতিতে দলের সঙ্গে যুক্ত থাকা তার পক্ষে আর সম্ভব নয় বলে তিনি মনে করেন।
খবির হোসেনের অভিযোগ, নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার কথা থাকলেও নুরুল হক নূর বিএনপির সঙ্গে সমঝোতার মাধ্যমে একটি সংসদীয় আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। এ ঘটনাকে তিনি দলের আগের অবস্থান থেকে সরে আসা হিসেবে দেখছেন।
খবির হোসেন বলেন, ‘‘যে নীতি ও আদর্শের ভিত্তিতে তিনি গণঅধিকার পরিষদে যুক্ত হয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে সেই আদর্শ বজায় রেখে দলটির সঙ্গে সম্পৃক্ত থাকা সম্ভব নয়। অনৈতিকতা ও দুর্নীতির সঙ্গে আপস করে রাজনীতি করা তার ব্যক্তিগত নৈতিকতার পরিপন্থী। এ কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।’’
পদত্যাগপত্রে তিনি ২৫ অক্টোবর ২০২৬ থেকে গণঅধিকার পরিষদের প্রাথমিক সদস্যপদসহ সব দলীয় পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে সরে দাঁড়ানোর কথা জানান। একই সঙ্গে ভবিষ্যতে দলটির কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না বলেও উল্লেখ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









