রংপুরের গঙ্গাচড়ায় ধান কাটার আগে জমিতে আগাছা দমনের ওষুধ ছিটিয়ে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে কৃষক মো. আলম মিয়ার জমির একাংশের ধানগাছ শুকিয়ে গেছে। প্রায় দেড় একর জমিতে আমন ধানের চাষ করা এই মুদি দোকানি আর্থিক ক্ষতির আশঙ্কায় হতাশ হয়ে পড়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার বড়বিল ইউনিয়নের ঠাকুরাদহ ঈদগাহ মাঠসংলগ্ন জমিতে গিয়ে ক্ষতিগ্রস্ত ধানগাছ দেখা যায়।
আলম মিয়া জানান, সোমবার সকালে জমিতে গিয়ে ধানগাছ শুকিয়ে বিবর্ণ হয়ে থাকতে দেখেন তিনি। তার অভিযোগ, আগের রাতে কে বা কারা জমিতে আগাছা দমনের ওষুধ ছিটিয়ে দিয়েছে। এতে জমির একাংশের ধান নষ্ট হয়েছে।
দোকান সামলানোর পাশাপাশি ধান চাষ করেন আলম মিয়া। ফসল ফলাতে শ্রম ও অর্থ ব্যয় করেছেন তিনি। আশা ছিল, ধান ঘরে তুললে সংসারের খরচ মেটানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনার ব্যয়ও বহন করতে পারবেন। কিন্তু ফসলের ক্ষতিতে তাঁর সেই আশা অনিশ্চিত হয়ে পড়েছে।
আলম মিয়া বলেন, ‘অনেক কষ্ট করে নিজের শ্রম আর টাকা খরচ করে ধানগুলো ফলিয়েছি। ভেবেছিলাম, পাকা ধান ঘরে তুলে পরিবারের মুখে হাসি ফোটাব। কিন্তু কে আমার সঙ্গে এমন শত্রুতা করল, বুঝতে পারছি না।’
বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল হুদা বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হবে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









