মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে রাশিয়ার রাজধানী মস্কোয় বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।
মস্কোয় গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) অষ্টম সম্মেলনের ফাঁকে দুই নেতা বৈঠক করেন। প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশগুলোর এই আন্তরাষ্ট্রীয় সংগঠনের সদস্যদের মধ্যে রয়েছে ইরান, রাশিয়া, কাতার ও আলজেরিয়াসহ বেশ কয়েকটি দেশ।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে দুই নেতা তেহরান ও দোহার মধ্যকার সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন। পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে বিদ্যমান সম্ভাবনাগুলো কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তারা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়, গ্যাস রপ্তানিকারক দেশগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়টিও আলোচনায় এসেছে।
তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলোতে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে আলোচনার কোনো উল্লেখ করা হয়নি।
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়। জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে কাতারও ছিল।

এদিকে সাম্প্রতিক মাসগুলোতে আঞ্চলিক সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাতার। দেশটি যুদ্ধ বন্ধের উদ্যোগের পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনাতেও সহায়তা করছে।
পেজেশকিয়ানের মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বলেছেন, এ বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ১৯ অক্টোবর তেহরান সফরের সময় অনুষ্ঠিত আলোচনার ধারাবাহিকতা বজায় রাখা হবে।
এর আগে অক্টোবরের শুরুতে পুতিন বলেছিলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতেও প্রস্তুত রাশিয়া।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









