সমকালীন বাংলা কবিতার অন্যতম প্রধান কবি বিমল গুহের জন্মদিন আজ। ১৯৫২ সালের ২৭ অক্টোবর চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের কবিতায় নতুন বোধ, জীবনোপলব্ধি ও সময়কে ধারণের শিল্পকৌশল নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই কবি।
চিত্রকল্প, উপমা ও রূপকের সার্থক ব্যবহারে বিমল গুহ মানুষের স্বপ্ন ও জীবনবাস্তবতাকে কবিতায় তুলে ধরেছেন। তার কবিতায় সমাজ, সংস্কৃতি ও জাতিসত্তার নানা দিক উঠে এসেছে স্বতন্ত্র শিল্পভাষায়।
কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থার পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালে অবসরে যান তিনি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগে খণ্ডকালীন শিক্ষকতা করছেন। বিভাগটির প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টাও তিনি।
বিমল গুহের প্রথম কাব্যগ্রন্থ ‘অহংকার, তোমার শব্দ’ প্রকাশিত হয় ১৯৮২ সালে। তাঁর প্রকাশিত ৪৭টি গ্রন্থের মধ্যে ১৮টি কাব্যগ্রন্থ এবং ৮টি কিশোরকাব্য। ২০২২ সালে প্রকাশিত করোনাকালের কবিতা নিয়ে লেখা ‘এ কোন মাতাল নৃত্য’ তার কাব্যভাবনায় নতুন মাত্রা যোগ করে। একই বছর প্রকাশিত হয় তার আত্মজীবনী ‘ধলপ্রহরের আলো’।
বাংলাদেশের বাইরেও বিমল গুহের কবিতা সমাদৃত হয়েছে এবং বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। আমন্ত্রিত কবি হিসেবে কলকাতা, দিল্লি, লন্ডন, এডিনবরা, নেব্রাস্কা ও নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি।
সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে বিমল গুহ পেয়েছেন বাংলাদেশ পরিষদের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ তরুণ কবির সম্মাননা, বাংলাদেশ রাইটার্স ক্লাব সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও সার্ক সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









