‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, হাত ধোয়ার কৌশল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে আসে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।
সভায় হাত ধোয়ার সঠিক কৌশল প্রদর্শন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম ও উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাতাব উদ্দিন মৃধাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইউনুছ আলী জানান, সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো, সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









