ময়মনসিংহের ত্রিশালে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান।
তিনি বলেন, ‘‘বিশ্ব হাত ধোয়া দিবসে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে অভিভাবকেরা সন্তানদের নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে উদ্বুদ্ধ করলে তারা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে এবং বিভিন্ন রোগবালাই থেকে সুরক্ষিত থাকতে পারবে।’’
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মহিউদ্দীন আহমেদ, ত্রিশাল সরকারি নজরুল একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক এবং দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









