পিরোজপুরের নেছারাবাদে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় এক যুগেরও বেশি সময় ধরে উপজেলা ও পৌর যুবদলের কার্যকর কমিটি না থাকায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন নেতারা।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে স্বরূপকাঠি পৌর শহরে এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে তারা শহরে জড়ো হন। উপজেলা বিএনপির নির্বাচনী প্রধান কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সম্পাদক মো. মইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজ সিকদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বদরুল হাসান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. গোলাম কিবরিয়া সোহাগ, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও যুবদল নেতা মো. রেজাউল হাসান সুজন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও যুবদল নেতা মো. আব্দুল্লাহ আল যুবায়ের এবং যুবদল নেতা মারুফ তালুকদারসহ অন্যরা।
বক্তারা পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত উপজেলা ও পৌর যুবদলের নতুন কমিটি গঠনের দাবি জানান।
তাদের দাবি, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে উপজেলা ও পৌর যুবদলের পূর্ণাঙ্গ কার্যকর কমিটি নেই। আহ্বায়ক কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে সংগঠনের কার্যক্রমে দুর্বলতা দেখা দিচ্ছে। সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে দ্রুত নতুন কমিটি গঠনে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









