নাটোরের নলডাঙ্গা স্টেশন এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে মাদক সেবনের দায়ে মো. রাসেল (২৮) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত রাসেল উপজেলার বামনগ্রাম এলাকার মো. মতিউর রহমানের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাসেলকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন নলডাঙ্গা থানার এএসআই মো. রুবেল আক্তার। নলডাঙ্গা থানা-পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, জনস্বার্থে ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









