সিলেটের কোম্পানীগঞ্জে বাড়ির পাশের নালায় গোসল করতে যাওয়া এক শিশুকে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলার শিকার হয়ে আশিক মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা সদরের কোম্পানীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশিক মিয়া ওই গ্রামের স্থায়ী বাসিন্দা।
নিহিতের ঘনিষ্ঠ পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় আশিক মিয়ার ১০ বছর বয়সী নাতনি মাইশা বেগম বাড়ির পাশের ছোট নদীর ঘাটে গোসল করতে যায়। এ সময় প্রতিবেশী দুদু মিয়া ওই ঘাট নিজেদের দাবি করে শিশুটিকে গোসলে বাধা দেন। এ নিয়ে শিশুটিকে গালমন্দ ও মারধর করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
খবর পেয়ে আশিক মিয়াসহ পরিবারের দুই থেকে তিনজন সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুদু মিয়ার পক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা। এ সময় আশিক মিয়া মাটিতে লুটিয়ে পড়েন।
পরে তাঁকে অটোরিকশায় করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আবারও হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। হামলায় দেশীয় অস্ত্র, লাঠি ও বাঁশ দিয়ে মারধর করা হয় বলে পরিবারের সদস্যরা জানান। গুরুতর আহত অবস্থায় আশিক মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে প্রতিবেশী দুদু মিয়া, আঙ্গুর মিয়া, মোস্তফা ও বতুল্লাসহ সাতজনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে মামলা দায়েরের বিষয়ে থানার পক্ষ থেকে তখনো এজাহার লেখার কার্যক্রম চলমান থাকার কথা জানানো হয়।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, মারামারি থামাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের দুটি দল মাঠে কাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









