জীবনসঙ্গী নির্বাচনে বাহ্যিক সৌন্দর্য কিংবা অর্থবিত্তের চেয়ে মানুষের মন ও ব্যক্তিত্বকেই বেশি গুরুত্ব দেন ভারতের দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। তার প্রত্যাশা, জীবনসঙ্গী হবেন ভালো মনের মানুষ। নিজের ভুল বুঝতে পারার পাশাপাশি তা সংশোধনের মানসিকতাও থাকতে হবে তার। তবে পছন্দের তালিকায় আরেকটি বিষয়ও রেখেছেন অভিনেত্রী। জীবনসঙ্গী রান্না জানলে সেটি হবে বাড়তি পাওয়া।
নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। ছবিটির প্রচারের অংশ হিসেবে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে হাজির হয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন অভিনেতা রবি দুবে। অনুষ্ঠানে সিনেমা নিয়ে আলোচনার একপর্যায়ে সাই পল্লবীর ব্যক্তিজীবন প্রসঙ্গেও জানতে চান সঞ্চালক অমিতাভ বচ্চন।
বাস্তব জীবনে কেমন জীবনসঙ্গী পছন্দ করেন এবং একজন মানুষের মধ্যে কী কী গুণ থাকা জরুরি বলে মনে করেন—অভিনেত্রীর কাছে জানতে চান অমিতাভ।
জবাবে সাই পল্লবী বলেন, ‘সবার আগে তাকে একজন ভালো মানুষ হতে হবে। তিনি যেন অতিরিক্ত স্বার্থপর না হন। এমন একজন মানুষ হতে হবে, যিনি নিজের কাজকর্ম নিয়ে ভাবনাচিন্তা করেন এবং আত্মসমালোচনা করতে জানেন। অর্থাৎ, জীবনে তিনি কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছেন, সে সম্পর্কে তার স্পষ্ট ধারণা থাকা উচিত।’
তিনি আরও বলেন, ‘ভুল করতেই পারেন, কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার মানসিকতাও থাকতে হবে। নিজের ভুলের জন্য অন্যকে দোষারোপ করা চলবে না। আমার পছন্দের তালিকা খুব একটা বড় নয়। তাকে শুধু একজন ভালো মানুষ হতে হবে। আর তিনি যদি রান্না করতে জানেন, তাহলে তো ভালো।’
সাই পল্লবীর এমন কথা শুনে মৃদু হাসেন অমিতাভ বচ্চন। অনুষ্ঠানে নিজের জীবনের আরও কিছু প্রসঙ্গও তুলে ধরেন অভিনেত্রী। চিকিৎসাবিদ্যায় পড়াশোনা শেষ করেও কেন অভিনয়জগতে পা রেখেছেন, সে বিষয়েও কথা বলেন তিনি। পাশাপাশি ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার পর নিজের অনুভূতির কথাও জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









