পাবনার ভাঙ্গুড়ায় বাড়িতে ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উপকরণ ও প্রস্তুত করা দুধ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কারখানার মালিক মো. আবুল বাশারকে এক বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর এক সহযোগী মো. সবুজকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে আবুল বাশারের নিজ বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের নেতৃত্বে পাবনা গোয়েন্দা সংস্থা (এনএসআই) , ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি নুসরাত জাহান ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযানে ৩৬ ড্রাম জেলি, যার ওজন প্রায় ২ হাজার ৭০০ কেজি, দুধ তৈরিতে ব্যবহৃত ২০০ লিটার তেল এবং ৩২০ লিটার প্রস্তুত করা ভেজাল দুধ জব্দ করা হয়। পরে জব্দ করা এসব উপকরণ ও দুধ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, দীর্ঘদিন ধরে মো. আবুল বাশার ভেজাল দুধ তৈরির ব্যবসা পরিচালনা করে আসছিলেন। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









