সিরাজগঞ্জের বেলকুচিতে মো. নূর নবী (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের কদমতলী গ্রামে নিজ বাড়ির পাশের একটি খড়ির ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। গলায় পুরোনো ওড়না পেঁচানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়।
নিহত নূর নবী ওই গ্রামের মো. কেরামত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নূর নবীর ভাতিজি মোছা. তামান্না খাতুন কোরআন শিক্ষা নিতে মসজিদে যাওয়ার পথে বাড়ির উত্তর পাশে ঘরসংলগ্ন খড়ির ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে গিয়ে তিনি ঘরের আড়ার সঙ্গে পুরোনো ওড়না পেঁচানো অবস্থায় নূর নবীকে ঝুলতে দেখেন। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
পরিবারের সদস্যদের ভাষ্য, নূর নবী দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় দুই বছর আগে একটি সড়ক দুর্ঘটনার পর থেকে তাঁর মানসিক অবস্থার অবনতি ঘটে। এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। মাঝেমধ্যে আত্মহত্যার চেষ্টাও করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিবারের ধারণা, শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান জানান, শুক্রবার সকালে রাজাপুর ইউনিয়নের কদমতলী গ্রামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া অবস্থায় মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









