পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব সম্প্রদায়ের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ বাংলাদেশ।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে শহরের বনরূপা এলাকায় ‘পাহাড়ে আমরা শান্তি চাই’ শীর্ষক এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করা জরুরি। দীর্ঘদিনের সমস্যা, সংঘাত, সহিংসতা ও সাম্প্রদায়িক বিদ্বেষ দূর করতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। জাতিগত, রাজনৈতিক, সামাজিক কিংবা ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতা ও বৈষম্যের শিকার না হন, তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সবার দায়িত্ব।
তারা আরও বলেন, শান্তি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক প্রত্যাশা নয়; এটি পাহাড়ের প্রতিটি মানুষের অধিকার। রাজনৈতিক মতপার্থক্য ও জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে আলোচনা, পারস্পরিক আস্থা ও সহনশীলতার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সামরিক বিশ্লেষক ও রাজনৈতিক আলোচক মেজর (অব.) আহমেদ ফেরদৌসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মো. টিপু, জুই চৌধুরী, মো. শোয়েব ও হাবিব আজমসহ অন্যরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা পাহাড়ে সহিংসতা, সাম্প্রদায়িক বিদ্বেষ, বিভেদ ও বৈষম্য দূর করে সব সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস, শ্রদ্ধা ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









