পঞ্চগড়ের দেবীগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশনের ঘটনায় ছাত্রদলের চিলাহাটি ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে অশ্লীলতা পরিহারের নির্দেশনা দিয়েছিলেন প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। তবে তাঁর নির্দেশনা উপেক্ষা করেই অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকুর রহমান (আকাশ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অধীন ১ নম্বর চিলাহাটি ইউনিয়ন শাখার উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় কোনো ধরনের অশ্লীলতা যেন না থাকে, সে বিষয়ে প্রধান অতিথি নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ঘটনায় দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসাদুজ্জামান সুমন ও সদস্যসচিব মো. মেহেদি হাসান তুহিনের নির্দেশনায় চিলাহাটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









