লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়িক স্থবিরতা দূর করে আমদানি-রপ্তানি কার্যক্রম গতিশীল করতে ১২ দফা প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা।
শনিবার (৩১ অক্টোবর) সকালে বুড়িমারী স্থলবন্দর আমদানিকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের আয়োজনে এক মতবিনিময় সভায় এসব প্রস্তাব লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের কাছে তুলে ধরা হয়। তিনি প্রস্তাবগুলো বিবেচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেলের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রধান রাজু। এতে প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম প্রধান, উপদেষ্টা হুমায়ুন কবির সওদাগর, বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন সিন্টু, সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ, উপজেলা বিএনপির সভাপতি সফিকার রহমানসহ ব্যবসায়ী ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় উত্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—নিষিদ্ধ ১৮টি পণ্যের আমদানি পুনরায় চালু, দ্রুত চার লেন সড়ক নির্মাণ, আমদানিকারক-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের একই প্ল্যাটফর্মে আনা, বিজিবি ও বন্দরসংক্রান্ত কারণে ট্রাক প্রবেশের জটিলতা নিরসন এবং সব ওজন স্কেল সচল রাখা।
এ ছাড়া অবকাঠামোগত দুরবস্থার কারণে বিভিন্ন বিল ও চার্জ কমানো, পাথর, ভুট্টা, গম, চাল, পেঁয়াজ, ফলমূল ও কাঁচামরিচ বন্দর থেকে সরাসরি আমদানিকারকের গুদামে নেওয়ার অনুমতি, বাংলাবান্ধা ও সোনাহাট বন্দরের মতো শুধু আনলোডিং চার্জ বন্দর কর্তৃপক্ষকে দিয়ে লোডিং খরচ আমদানিকারকের আওতায় রাখা এবং বন্দরের ভেতরে অবৈধ পণ্য কেনাবেচা বন্ধের প্রস্তাব দেওয়া হয়।
অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা সভায় ব্যবসায়ী প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, সমিতির মাধ্যমে নির্ধারিত মূল্যে পণ্য প্রবেশ, ব্যবসাসংক্রান্ত জরুরি সভায় সব মালিকের উপস্থিতি বাধ্যতামূলক করা এবং কাস্টমস নির্ধারিত এলাকা সম্প্রসারণ করে পাথর ব্যবসা সচল রাখা।
ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি ফিরবে। পাশাপাশি বাড়বে সরকারি রাজস্ব এবং শক্তিশালী হবে স্থানীয় অর্থনীতি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ব্যবসায়ীদের উত্থাপিত ১২টি প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









