সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ডাউকি নদীতে বালু তুলতে গিয়ে মাটিচাপা পড়ে বারেক মিয়া (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার নয়াবস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বারেক মিয়া ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের বাউর ভাগ হাওর (বাংলাবাজার) এলাকার জংসের মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালে জীবিকার তাগিদে ডাউকি নদীতে বালু তুলতে যান বারেক মিয়া। কাজ করার সময় নদীর প্রায় ১৫ হাত পানির নিচে হঠাৎ মাটির স্তূপ ধসে পড়ে। এতে তিনি মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয় শ্রমিক ও উদ্ধারকারীরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









