গাছের গায়ে পেরেক ঠুকে বিজ্ঞাপনের সাইনবোর্ড লাগানোর বিরুদ্ধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সৈয়দ জামাল হোসেন। গাছের শরীরে ঢুকে থাকা পেরেক ও পেরেক দিয়ে টাঙানো সাইনবোর্ড অপসারণে তিনি স্থানীয় তরুণদের নিয়ে কার্যক্রম শুরু করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে কমলগঞ্জ উপজেলা-মুন্সীবাজার সড়কের পাশের গাছ থেকে পেরেক ও সাইনবোর্ড অপসারণের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা করেন তিনি। এ সময় পৌরসভার একদল সচেতন তরুণ তাকে সহযোগিতা করেন।
সৈয়দ জামাল হোসেন বলেন, গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গাছের গায়ে পেরেক ঠুকলে সেখানে ছত্রাক ও ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে। এতে গাছের বৃদ্ধি ব্যাহত হয়, ডালপালা শুকিয়ে যায় এবং একপর্যায়ে গাছ মারা যেতে পারে। তাই গাছের সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, মুন্সীবাজার সড়ক থেকে শুরু হওয়া এ কার্যক্রম পর্যায়ক্রমে কমলগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে চালানো হবে। এ সময় তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে গাছে পেরেক না মারার এবং গাছ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দা তৌফিক এলাহী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিভিন্ন কোচিং সেন্টার ও দোকানের বিজ্ঞাপনের কারণে গাছের ক্ষতি হচ্ছে। গাছে পেরেক মারা বন্ধে উপজেলা প্রশাসনের কঠোর আইনি পদক্ষেপ নেওয়া উচিত।
আরেক বাসিন্দা রুমেল আহমেদ বলেন, গাছের ছায়া ও অক্সিজেন নিলেও এর সুরক্ষায় আমরা সচেতন নই। জামাল হোসেনের এ উদ্যোগ প্রশংসনীয়। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়া প্রয়োজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









