সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনগণের প্রত্যাশা পূরণে যুবদল সহযোগী শক্তি হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন ভোলা-৪ (মনপুরা-চরফ্যাশন) আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে কাজ করছেন। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টার বিরুদ্ধে যুবদল রাজপথে সোচ্চার থাকবে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট বাজারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি, সব নাগরিকের জন্যই বিএনপি নিরাপদ আশ্রয়স্থল। তবে অপরাধ ও অন্যায়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দলের ছোট-বড় যে পর্যায়ের নেতাকর্মীই অন্যায় করুক, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত যুবদল নেতাকর্মীদের কাউকে শোকজ, কাউকে বহিষ্কার এবং কোথাও কমিটি বিলুপ্ত করা হয়েছে। অপরাধের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সবাইকে দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে গড়ে উঠতে হবে।
যুব সমাবেশের আগে সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন উপজেলা সদর থেকে মনপুরা ইউনিয়নের তুলাতলী ঘাট পর্যন্ত ডাবল লেনের পাকা সড়ক উদ্বোধন করেন। এ সময় তিনি দ্বীপ উপজেলা মনপুরার যোগাযোগব্যবস্থাসহ বিভিন্ন খাতের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা ও উদ্যোগের কথা তুলে ধরেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং সদস্যসচিব হাফেজ আবদুর রহিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ফিরোজ আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা যুবদলের সভাপতি হাজী জামাল উদ্দিন লিটন।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, মনপুরা উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, সহসভাপতি ডা. কামাল উদ্দিন ও আবদুল খালেক সেলিম মোল্লা এবং জেলা যুবদলের সহসভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, আইনবিষয়ক সম্পাদক ছালাউদ্দিন প্রিন্স, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ও সদস্যসচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরাম কবির ও সদস্যসচিব শাহেদুল ইসলাম শাহীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









