ভোক্তাপর্যায়ে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বর মাসের জন্য মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। নির্ধারিত দাম সোমবার রাত ৮টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বর মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের চুক্তিমূল্য (সৌদি সিপি) বেড়ে যাওয়ায় এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে।
এদিকে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামও বাড়ানো হয়েছে। নভেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে এ দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। অর্থাৎ, প্রতি সিলিন্ডারের দাম বেড়েছে ২২৩ টাকা।
বিইআরসির নির্ধারণ অনুযায়ী, বেসরকারি এলপিজির দাম প্রতি কেজি ১৭১ টাকা ৬৮ পয়সা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









