পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শীলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন স্বামী রাসেল মাহমুদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী। পরে থানার সামনে অবস্থান নিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তারা।
সোমবার (২ অক্টোবর) সকালে উপজেলার বাহেরচর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শীলা মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে রাঙ্গাবালী থানার সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের দাবি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শীলার স্বামী রাসেল মাহমুদের বিরুদ্ধে মামলা নিয়ে তাকে গ্রেপ্তার করতে হবে। দুপুর ২টা পর্যন্ত থানার সামনে অবস্থান করেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন।
পরে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা গ্রহণের আশ্বাস দেয় পুলিশ। নিহতের ছোট ভাই রাইসুল ইসলাম কমল বাদী হয়ে মামলাটি করছেন বলে জানায় পুলিশ।
গত শুক্রবার উপজেলার বাহেরচর বাজার এলাকার নিজ বসতঘর থেকে শীলার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বাবা প্রয়াত সাজাদুল ইসলাম শামীম ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। আর স্বামী রাসেল মাহমুদ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
স্বামীর দাবি, শীলা আত্মহত্যা করেছেন। তবে স্বজনদের সন্দেহ, তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।
রাঙ্গাবালী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, ‘‘তদন্ত ও সাক্ষী নেয়া হচ্ছে। আসামি ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









