পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন জেলার বীর মুক্তিযোদ্ধারা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
সোমবার (২ নভেম্বর) সকালে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শহরের মুজিব সড়কে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড ফরিদপুর জেলা ইউনিটের আহ্বায়ক এম এ সালাম লাল, যুগ্ম আহ্বায়ক শহীদ পারভেজ ও সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করা একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তার জানাজা ও দাফনে বাধা সৃষ্টি করা অত্যন্ত ন্যক্কারজনক ও অবমাননাকর। এ ধরনের আচরণ শুধু একজন মুক্তিযোদ্ধার অসম্মান নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্বাধীনতার ইতিহাসের প্রতিও অবমাননা। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে কোনো বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায় যেন অসম্মানজনক পরিস্থিতির মুখে না পড়ে, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মানিক পশারির জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এ বিষয়ে তাঁরা সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
কর্মসূচিতে ফরিদপুর জেলা ও জেলার নয়টি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক, সদস্যসচিবসহ বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









