চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর ধাক্কায় শাহাজাহান পাটোয়ারী (৬০) নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাগাদী চৌরাস্তা এলাকার পাটোয়ারী বাড়ি ও গাছতলা পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই শাহ আলম পাটোয়ারী ও তাঁর স্ত্রী হাসিনা বেগম (৪০) পলাতক রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
নিহত শাহাজাহান পাটোয়ারী মৃত বজল গনি পাটোয়ারীর ছেলে।
নিহতের স্ত্রী ও মেয়েদের অভিযোগ, একসময় ছোট ভাই শাহ আলমকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করেছিলেন বড় ভাই শাহাজাহান। তবে শাহ আলম দেশে ফিরে আসার পর থেকে পৈতৃক সম্পত্তির ভাগবাটোয়ারা ও জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ শুরু হয়। দীর্ঘদিন ধরে এ বিরোধ চলে আসছিল।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যার আগে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহ আলম পাটোয়ারী ও তাঁর স্ত্রী হাসিনা বেগম মিলে বসতঘরের সামনে শাহাজাহানকে মারধর ও ধাক্কা দেন বলে অভিযোগ ওঠে। ধাক্কা খেয়ে তিনি ঘর থেকে বাইরে পড়ে যান। এ সময় বাঁশের কঞ্চির ওপর পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পরিবারের সদস্যদের দাবি।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়ায় রাখা হয়েছে।
বাবাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিহতের মেয়েরা তাঁদের চাচা ও চাচির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ এবং মৃত্যুর সঙ্গে অভিযুক্তদের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









