গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস, কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী ভ্যানের চতুর্মুখী সংঘর্ষে শহিদুল ইসলাম (পরিচয় অনুযায়ী ভ্যানচালক) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস উল্টো পথে মোড় নিতে গিয়ে প্রথমে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি সামনে দাঁড়িয়ে থাকা দোলা পরিবহনের আরেকটি বাসে ধাক্কা দেয়। পরে ওই বাসটি সামনে থাকা আরেকটি লোকাল বাসের ওপর গিয়ে পড়ে। এ সময় পাশে থাকা ইঞ্জিনচালিত ভ্যানের চালক শহিদুল ইসলাম দোলা পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত শহিদুল ইসলাম কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।
দুর্ঘটনার খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক মো. রাজিব দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









