নাটোরের নলডাঙ্গা উপজেলা এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় নেতাকর্মীদের দিকে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ছাতারভাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, সোমবার সন্ধ্যার দিকে একদল ব্যক্তি হঠাৎ করে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিল, দলীয় নেতাকর্মীদের ছবি ও ব্যানার ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে দাবি তাদের।
৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব অভিযোগ করে বলেন, স্থানীয় আওয়ামী লীগ কর্মী আরিফুল ইসলাম আরিফ, মোকলেসুর রহমান, কাসেমসহ আরও কয়েকজন এ ঘটনার সঙ্গে জড়িত। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর। তিনি বলেন, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত নন। একটি মহল রাজনৈতিকভাবে দলকে জড়াতে অপচেষ্টা চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









