ফুলেল শুভেচ্ছা, আনন্দ-উচ্ছ্বাস ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। নবীনদের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, কটিয়াদী প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেন, যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতুসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতারা। এ ছাড়া শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন নয়, নৈতিকতা, মূল্যবোধ ও দক্ষতা অর্জনের মাধ্যমেই শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। পড়াশোনার পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীনবরণ উৎসবের সমাপ্তি ঘটে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









