শ্রমিক আন্দোলনের আড়ালে একটি পক্ষ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ কাজে পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, চলমান এই আন্দোলন শ্রমিকদের আন্দোলন নয়।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণে মজুরি বোর্ড কাজ শুরু করেছে। নির্ধারিত সময়ের আগেই বোর্ড এ বিষয়ে সুপারিশ করবে বলে আশা করছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের কর্মসংস্থান ও শিল্প উৎপাদন যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে সবাইকে নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে হবে। মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এরই মধ্যে কাজ শুরু হয়েছে। তাই এখন আন্দোলনের কোনো প্রয়োজন নেই।
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের আগেই নতুন মজুরি ঘোষণা করতে মজুরি বোর্ডকে বলা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগেই মজুরি ঘোষণা করা সম্ভব হলে তা সবচেয়ে ভালো হবে বলে মন্তব্য করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









