গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের বরিশাল অঞ্চল পর্ব। বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশন, বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাংলাদেশ গণিত সমিতি ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, মেধার বিকাশে গণিতচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণিত অলিম্পিয়াড এ চর্চার অন্যতম একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে সেরা মেধাবীদের বাছাই করা হয় এবং পরবর্তী সময়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দেশের প্রতিনিধি নির্বাচন করা হয়। গণিতচর্চার প্রসারে এ অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে সারাদেশকে আটটি অঞ্চলে ভাগ করা হয়েছে। এর অংশ হিসেবে বরিশাল অঞ্চলের ১১টি জেলার চারটি পাবলিক ও পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ১৭টি সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মোট ১৪০ জন শিক্ষার্থী নিবন্ধন করেন।
শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মূল্যায়ন শেষে বিকেল ৩টায় ফলাফল ঘোষণা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বরিশাল অঞ্চলের এ আয়োজনের কনভেনরের দায়িত্ব পালন করেন গোবিপ্রবির গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মিনারুল ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় গণিত অলিম্পিয়াড আয়োজন করতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত। আয়োজনে সবার সহযোগিতা পেয়েছেন। এ ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও বড় পরিসরে গণিত উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দীপঙ্কর কুমার, বাংলাদেশ গণিত সমিতির সহসভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মাহতাব উদ্দিন আহাম্মদ, উত্তরা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহানশাহ্ খান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদুর রহমান, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন এবং সরকারি ব্রজমোহন কলেজের সহযোগী অধ্যাপক গৌতম কুমার সাহা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









