ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৭টার দিকে শহরের নতুন বাজার এলাকার ছাগলহাটার পাশের একটি চৌচালা ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওয়াদুদ বিশ্বাস কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের নদীপাড়া এলাকার মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি নতুন বাজার এলাকায় ভাতের হোটেল পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নতুন বাজারের ছাগলহাটার পাশে চারদিক খোলা একটি চাটাইয়ের ঘরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









