পঞ্চগড়ের দেবীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের আবাসন সমস্যার সমাধানে ঢেউটিন ও ঘর নির্মাণের জন্য বরাদ্দ অর্থের চেক বিতরণ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।
শুক্রবার (৬ নভেম্বর) দেবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ সহায়তা বিতরণ করা হয়। প্রতিমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে নির্বাচিত উপকারভোগী পরিবারগুলোর হাতে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের আবাসন সমস্যার সমাধানে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকারি সহায়তা বিতরণের ক্ষেত্রে দল-মত কিংবা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হবে না। যাঁরা প্রকৃতপক্ষে সহায়তা পাওয়ার যোগ্য, তাঁদের কাছেই সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ তুহিন, পৌর বিএনপির সভাপতি মো. ফরিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









